মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বামন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ ফেব্রুয়ারী) রাত ৯টায় গাংনী উপজেলার বামন্দী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল আওয়াল বামন্দী বাজারের মৃত আব্দুল বারীর ছেলে।
এ ব্যাপারে বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ইসরাফিল জানান, বোমা বিস্ফোরণ,ককটেল বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আব্দুল আওয়ালকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাতে বামন্দী মাদ্রাসা এলাকায় বোমা বিস্ফোরণ, ককটেল বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ইসরাফিল বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫/২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় ঘটনার দিন রাতেই বিএনপির ৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
