বেনাপোল প্রতিনিধি :: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা যশোরের সীমান্তবর্তী শার্শা উপাজেলার রুদ্রপুর সীমান্ত থেকে ২ কেজি ওজনের ১৭টি স্বর্ণের বারসহ মোনতাজ হোসেন (৪৫) নামে এক পাচারকারীকে আটক করেছে।
শুক্রবার দুপুরে শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। আটক স্বর্ণ পাচারকারী মোনতাজ হোসেন (৪৫) বেনাপোলের পুটখালি গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে।
বিজিবি জানায়, রুদ্রপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে- এমন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ১৭টি স্বর্ণের বারসহ মোনতাজ হোসেনকে আটক করে। আটক করা স্বর্ণের বাজার মূল্য ২ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ পিএসসি জানান, রুদ্রপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি বড় চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে- এমন গোপন সংবাদ পেয়ে রুদ্রপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার ইসমাইল হোসেন ওই এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণ পাচারকারী মোনতাজ হোসেনকে আটক করে। পরে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা ২ কেজি ওজনের ১৭ পিস স্বর্ণের বার জব্দ করা হয়; যার বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।
জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
