রাজশাহী প্রতিনিধি :: পদ্মাপাড়ে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয় স্কুলছাত্র তৌফিক আহম্মেদ ইফান (১৪)।
বৃহস্পতিবার দুপুরে দমকল বাহিনীর একটি দল এসপির বাসভবনের বিপরীতে পদ্মার বাঁধের বুলনপুর থেকে ইফানের লাশ উদ্ধার করেন।
মৃত ইফান নগরীর বিনোদপুর এলাকার জাহিদুল ইসলামের ছেলে। ইফান দশম শ্রেণীর ছাত্র ছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রমতে, বৃহস্পতিবার সকালে ইফান তার বন্ধুদের সঙ্গে পদ্মার টি-বাঁধ এলাকায় ফুটবুল খেলছিল। এ সময় ফুটবলটি নদীতে পড়ে যায়। ইফান বলটি তুলতে গিয়ে পানিতে পড়ে আর উঠতে পারেনি। পরে দমকল বাহিনীকে খবর দেওয়া হলে দমকলের একটি দল ঘটনাস্থলে গিয়ে ইফানের লাশ উদ্ধার করেন।
রাজশাহী দমকলের স্টেশনমাস্টার আব্দুল বারী জানান, কিছু সময় খোঁজাখুঁজির পর দুপুর ১২টার দিকে ইফানের লাশ পাওয়া যায়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আরএমপির রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলে থানার ওসি জাহাঙ্গীর আলম জানিয়েছেন।
