ঢাকা রবিবার , ২৮ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

চা বাগানে ফিরেছে শ্রমিকরা

আইএম নিউজ
আগস্ট ২৮, ২০২২ ৬:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :: প্রধানমন্ত্রী ঘোষিত ১৭০ টাকা মজুরি মেনে দীর্ঘ ১৫ দিন লাগাতার কর্মবিরতির পর চা শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। ফলে চা বাগানগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

রোববার সকাল ৮টায় সরেজমিনে শ্রীমঙ্গল ফিনলে টি কোম্পানির মালিকানাধীন ভাড়াউরা চা বাগান এর মন্দিরের পাশে গেলে দেখা যায়, নারী ও পুরুষ শ্রমিকরা দলে দলে জড়ো হয়ে চা পাতা তুলতে বিভিন্ন সেকশনের দিকে ভাগ হয়ে যেতে দেখা যায়। এ সময় ভাড়াউড়া চা বাগানের পঞ্চায়েত ও ভ্যালি সভাপতি শ্রমিকদের কাজে যোগদানে উৎসাহ দিতে দেখা যায়।

শ্রমিকদের পদচারণায় দীর্ঘদিনের নীরবতা ভেঙেছে চা বাগানের। চা পাতা তোলার স্থানে গেলে দেখা যায়, নারী চা শ্রমিকরা তাদের পোশাক পরিবর্তন করে সেকশনে সেই পুরনো রেওয়াজে মনের আনন্দে পাতা তুলছেন।

এ সময় নারী শ্রমিক জিৎনী হাজরার নিকট ১৭০ টাকা মজুরির বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা প্রধানমন্ত্রীর কথায় ১৭০ টাকা মজুরিতে খুশি হয়ে কাছে যোগ দিয়েছি।

একই বাগানের পুরুষ শ্রমিক প্রেম সাগর রবি দাস প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ১৭০ টাকা মজুরিতে আমরা খুশি।

খোঁজ নিয়ে জানা যায়, রোববার বাগানের সাপ্তাহিক ছুটির দিন থাকায় সব বাগানে শ্রমিকরা কাজে যোগ দেয়নি। তবে আগামীকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দিবেন বলে নিশ্চিত করেছেন শ্রমিক নেতারা।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালী সভাপতি বিজয় হাজরা বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ১৭০ টাকা মজুরি আমরা মেনে নিয়েছি। রোববার বাগানে সাপ্তাহিক ছুটি থাকার কারণে কিছু কিছু বাগান বন্ধ রয়েছে এবং কিছু কিছু বাগান খোলা থাকায় শ্রমিকরা আনন্দ মিছিল করে কাছে যোগ দিয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, ১২০ টাকা থেকে মজুরী বৃদ্ধির দাবীতে চট্টগ্রাম,সিলেটসহ সারাদেশের ১৬৭টি চা বাগানে গত ১৩ আগস্ট থেকে গতকাল পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করে চা শ্রমিকরা। শনিবার বিকালে প্রধানমন্ত্রীর সাথে গণভবনে চা বাগান মালিকদের সঙ্গে এক বৈঠকের পর ১৭০ টাকা চা শ্রমিকদের মজুরি নির্ধারণ করে দেন প্রধানমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন....