ডিজাইন অনুযায়ী শ্রমিকরা স্কুলের সিঁড়ি নির্মাণ না করতে না পাড়ায় ক্রটিপূর্ন নির্মাণাধীন সিঁড়ি ভেঙ্গে ফেলা হয়েছে। যারফলে শ্রমিকদের ভুলের খেসারত দিতে হচ্ছে স্কুল নির্মাণকারী সংশ্লিষ্ট ঠিকাদারকে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার নরসিংহলপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ঠিকাদার দেলোয়ার হোসেন জানান, নরসিংহলপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন দ্বিতল ভবনের কাজ ২০২২ সালের ডিসেম্বর থেকে প্রাক্কলন অনুযায়ী নির্মাণ করে আসছি। সম্প্রতি স্কুলের দোতলা সিঁড়ি ঢালাই দেয়া হয়। আমার ও সংশ্লিষ্ট প্রকৌশলীর অনুপস্থিতিতে শ্রমিকরা সিঁড়িটি নির্মানে ভুল করে। পরবর্তীতে উপজেলা প্রকৌশলী সিঁড়িটি ভেঙ্গে নতুন করে নির্মাণের নির্দেশ প্রদান করলে তা ভেঙ্গে ফেলা হয়। তিনি আরও বলেন, শ্রমিকদের ভুলের কারনে আমি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। এরপরও স্থানীয় একটি মহল স্কুলের উন্নয়ন কাজকে বাঁধাগ্রস্ত করার জন্য বিভিন্ন বিভ্রান্তি চড়াচ্ছে। বিদ্যালয়ের প্রধানশিক্ষক খায়রুল ইসলাম বলেন, ভবন নির্মাণের শুরু থেকে নির্মাণ কাজ দেখভাল করে আসছি। ভবন নির্মানে কোন অনিয়ম পরিরক্ষিত হয়নি। তবে ভবনের সিঁড়ি নির্মান করতে গিয়ে শ্রমিকরা কিছু ভুল করে ফেলে। যেকারনে সিঁড়িটি নতুন করে নির্মানের নির্দেশনা দিয়েছেন প্রকৌশলী। উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান জানান, সরেজমিন পরিদর্শন করে ক্রটিপূর্ন সিঁড়িটি ভেঙ্গে নতুন করে নির্মাণ করার নির্দেশ দেয়া হয়েছে সংশ্লিষ্ট ঠিকাদারকে। বাকি কাজ সঠিক ভাবে এগিয়ে চলছে।
