হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জে কুঠার দিয়ে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় ঘাতক রঙ্গু মিয়াকে আটক করেছে পুলিশ।
নিহত রুপিয়া বেগম (৪৫) সদর উপজেলার রিচি গ্রামের রঙ্গু মিয়ার স্ত্রী ও মৃত রজব আলীর মেয়ে। বুধবার রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রায় ২৫ বছর আগে রিচি গ্রামের মৃত রজব আলীর মেয়ে রুপিয়া বেগমের বিয়ে হয় একই গ্রামের জমরুত আলীর ছেলে রঙ্গু মিয়ার সঙ্গে। বিয়ের পর তাদের ঘরে ৩ ছেলে ও ১ মেয়ে জন্ম নেয়।
পারিবারিক কলহের জেরে দীর্ঘদিন রুপিয়া বেগম বাবার বাসায় অবস্থান করেন। পরে সন্তানরা বড় হলে পুনরায় তিনি স্বামীর ঘরে ফিরে আসেন। বুধবার দুপুরে স্ত্রীর কাছে টাকা চান রঙ্গু মিয়া। স্ত্রী টাকা না দিলে তিনি উত্তেজিত হয়ে স্ত্রীকে গালমন্দ করেন।
একপর্যায়ে বুধবার সন্ধ্যায় রুপিয়া বেগম ঘরে ঘুমিয়ে থাকলে রঙ্গু মিয়া একটি কুঠার দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সন্তান ও প্রতিবেশীরা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ওসি গোলাম মর্তুজা জানান, ঘাতক স্বামী রঙ্গু মিয়াকে আটক করা হয়েছে। কেন এ হত্যাকাণ্ড ঘটেছে তার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
