নিজস্ব প্রতিবেদক :: বরিশাল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোয়ন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা জজ আদালতের সরকারি কৌশলী (পিপি) এ্যাড. একেএম জাহাঙ্গীর হোসেন। শনিবার বিকেল ৪টায় আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় দলীয় প্রার্থী হিসাবে তাকে মনোনিত করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জজ আদালতের পিপি এ্যাড. একেএম জাহাঙ্গীর হোসেন নিজেই। এর আগে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভা শনিবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বরিশাল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলের মনোয়ন আওয়ামী লীগের আরো ৫ নেতা আবেদন করেন। গত বৃহস্পতিবার শেষ দিন পর্যন্ত এই ৫ নেতা দলের ধানমন্ডি কার্যালয়ে ফরম জমা দেন। এরা হলেন বর্তমান জেলা পরিষদ প্রশাসক মোঃ মইদুল ইসলাম, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান আলতাফ হোসেন ভুলু, মহানগর সহ-সভাপতি ভিপি আনোয়ার হোসাইন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আনিসুর রহমান ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ নেতা দেলোয়ার হোসেন দিলু।
শনিবার আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রার্থী হিসাবে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জজ আদালতের পিপি এ্যাড. একেএম জাহাঙ্গীর হোসেনের নাম ঘোষণা করেন।
