তাহিরপুর প্রতিবেদক :: সুনামগঞ্জের তাহিরপুরে সীমান্ত নদী পাটলাই নদীর নৌপথে অভিযান চালিয়ে ছয় চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে বিনা শুল্কে নিয়ে আসা সাত হাজার কেজি ভারতীয় কয়লা জব্দ করা হয়।
গ্রেফতার ছয় চোরাকারবারি হলেন— তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের নবাবপুর গ্রামের রাসেল মিয়া, স্বরূপ মিয়া, মোখলেছ মিয়া, পার্শ্ববর্তী জামালপুর গ্রামের রিপন মিয়া, সীমান্ত গ্রাম লালঘাট পশ্চিমপাড়ার আদম আলী ও একই গ্রামের নুর ইসলাম।
এসব তথ্য নিশ্চিত করে রোববার তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, শনিবার কয়লা চোরাচালানের ঘটনায় ছয় চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। এর পর একই দিনে চোরাচালানে জড়িত থাকার অপর ১০ চোরাকারবারিকে পলাতক আসামি দেখিয়ে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করেছে।
গ্রেফতারদের শনিবার মামলা দায়েরপূর্বক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, বিনা শুল্কে ভারতীয় কয়লা নিয়ে এসে শনিবার সকালে পাটলাই নদী দিয়ে নেত্রকোনার কলমাকান্দায় যাচ্ছিলেন ছয় চোরাকারবারি। পুলিশি অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় চোরাকারবারিদের হেফাজতে থাকা তিনটি কাঠবডি ইঞ্জিনচালিত ট্রলারবোঝাই সাড়ে সাত হাজার কেজি কয়লা জব্দ করে পুলিশ।
