ঢাকা সোমবার , ১২ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ডাকবাংলো থেকে লাশ উদ্ধার

আইএম নিউজ
সেপ্টেম্বর ১২, ২০২২ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গা প্রতিনিধি :: চুয়াডাঙ্গা বিআরটিএর মোটরযান পরিদর্শক সাইফুল্লাহ বাহারের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা দেড়টায় শহরের জেলা পরিষদ ডাকবাংলোর শয়নকক্ষের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। ওই কক্ষে তিনি রাতযাপন করতেন।

সাইফুল্লাহ বাহার মানিকগঞ্জ জেলার পূর্ব ভাকুম গ্রামের মোক্তার হোসেনের ছেলে। তিনি চুয়াডাঙ্গা বিআরটিএ অফিসের পরিদর্শক ছিলেন।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাবুবুর রহমান জানান, সকালে তিনি তার কর্মস্থল চুয়াডাঙ্গার বিআরটিএ কার্যালয়ে উপস্থিত না হলে অফিসের সহকর্মীরা তার মোবাইল নম্বরে ফোন করেন। ফোনে সাড়া না পেয়ে ডাকবাংলোতে এসে দেখা যায়, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। এরপর পুলিশকে বিষয়টি জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের দরজা ভেঙে মোটরযান পরিদর্শক সাইফুল্লাহ বাহারের লাশ উদ্ধার করে। এ সময় বিআরটিএর কর্মকর্তা-কর্মচারী ও একজন চিকিৎসক উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন জানান, মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য লাশ ময়নাতদন্ত করা হবে। এ জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় প্রাথমিকভাবে একটি মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন....