হিজলা প্রতিনিধি :: বরিশালের হিজলায় মেঘনা নদীতে মাছ শিকারে গিয়ে গত তিন ধরে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার ভোর রাতে মেঘনা নদীর মতিরহাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত স্কুলছাত্র মো. হাবিব (১৬) উপজেলার মেমানিয়া ইউনিয়নের চর মেমানিয়া গ্রামের আব্দুল লতিফ তালুকদারের ছেলে। হাবিব আবদুল ছাত্তার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।
হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক বিকাশ চন্দ্র দে জানান, গত ১২ সেপ্টেম্বর বিকালে হাবিব আরও ৬ জন জেলের সাথে ইঞ্জিন চালিত নৌকায় করে মেঘনা নদীতে মাছ শিকারে যায়। নদীতে জাল ফেলার সময় প্রচণ্ড ঢেউ ও স্রোতের কারণে নৌকা থেকে পড়ে সে নিখোঁজ হয়। তখন সাথে থাকা জেলেরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি।
মেমানিয়া ইউনিয়ন চেয়ারম্যান নাসির উদ্দিন জানান, বুধবার রাতে মেঘনা নদীর মতিরহাট এলাকায় সিমেন্ট ফ্যাক্টরির কাছে তার লাশ ভেসে থাকা অবস্থায় স্থানীয়রা দেখতে পায়। পরে কোস্টগার্ডের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে।
হাবিবেব চাচা সেলিম তালুকদার জানান, তার ভাই দৃষ্টি প্রতিবন্ধী। তাই পড়াশুনার ফাঁকে ফাঁকে ভাতিজা হাবিব নদীতে মাছ শিকার করতো। হাবিবের মৃত্যুতে পরিবারটি এখন বিপাকে পড়বে।
