সিংড়া প্রতিনিধি :: নাটোরের সিংড়ায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার সময় শাহীন আলী নামে এক শিক্ষককে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। শুক্রবার রাত ১১টায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।
শাহীন আলী উপজেলার পাকিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
পুলিশ ও এলাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এক গৃহবধূকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন শাহীন আলী। শুক্রবার রাতে ওই গৃহবধূর স্বামী বিলে মাছ ধরতে গেলে ঘরে ঢুকে তাকে ধর্ষণচেষ্টা চালান তিনি। পরে গৃহবধূর চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে তাকে আটক করে বেধড়ক পিটুনি দিয়ে পুলিশে দেন।
স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম বলেন, শাহীন আলীর বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারিসহ গ্রামের মসজিদের পুকুর দখল এবং নিরীহ মানুষদের নির্যাতনের অভিযোগ রয়েছে। এ কারণে তাকে একাধিক বিয়েও করতে হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ বাদশা বলেন, শিক্ষক শাহীন আলীর বিরুদ্ধে এলাকার পুকুর দখলসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। ইউনিয়ন পরিষদ থেকে তাকে নোটিশ করেও কোনো কাজ হয়নি।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ জানান, এটা গ্রামের ঘটনা তার দপ্তরের কোনো কিছু করার নেই।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী বলেন, গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক শাহীন আলীর বিরুদ্ধে মামলা হয়েছে। এলাকাবাসীর পিটুনির পর তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। চিকিৎসা শেষে ব্যবস্থা নেওয়া হবে।
