বেনাপোল প্রতিনিধি :: ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষ্যে শনিবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে এ ছুটিতে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, আজ ভারতে বিশ্বকর্মা পূজায় সরকারি ছুটি থাকায় পেট্রপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পূর্ণরুপে বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে আবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষ্যে ছুটি থাকার কারণে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক আছে।
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, বিশ্বকর্মা পূজায় ছুটি থাকায় আজ শনিবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে বলে ওপারের কাস্টমস কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ এজেন্টরা আমাদের জানিয়ে দিয়েছেন। তবে আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাক ফেরত যাওয়ার জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা রয়েছে।
