ঢাকা শুক্রবার , ২৮ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল বোর্ডে পাসের হার ৯০.১৮ শতাংশ, শীর্ষে ভোলা শেষে পটুয়াখালী

বরিশাল ব্যুরো
জুলাই ২৮, ২০২৩ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

* কমেছে জিপিএ-৫’র সংখ্যা
 চলতি এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে ৯০ দশমিক ১৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গত বছর যা ছিল ৮৯ দশমিক ৬১ শতাংশ। তবে গত বছরের তুলনায় এবার কমছে জিপিএ-৫ এর সংখ্যা।
এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৩১১ জন শিক্ষার্থী। গত বছর যা ছিল ৯ হাজার ৭৬৮ জন।
এসএসসিতে বরিশাল বোর্ডে পাসের হারের দিক থেকে গতবারের মতো এবারও ভোলা জেলা সবার শীর্ষে রয়েছে। আর বিভাগের সবার শেষে পটুয়াখালী জেলা।
ভোলায় মোট পাসের হার ৯১ দশমিক ০৪ শতাংশ। এরপর দ্বিতীয় অবস্থানে থাকা ঝালকাঠি জেলায় পাসের হার ৯১ দশমিক ০১ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা বরিশাল জেলায় পাসের হার ৯০ দশমিক ৮৩ শতাংশ। চতুর্থ অবস্থানে থাকা পিরোজপুর জেলায় পাসের হার ৮৯ দশমিক ৩১ শতাংশ। পঞ্চম অবস্থানে থাকা বরগুনা জেলায় পাসের হার ৮৯ দশমিক ১৮ শতাংশ ও ষষ্ঠ অবস্থানে থাকা পটুয়াখালী জেলায় পাসের হার ৮৯ দশমিক ০৫ শতাংশ।
অপরদিকে এ বছর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাসের হার সব থেকে বেশি। এরপর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের অবস্থান। জিপিএ-৫ এর দিক থেকে সবচেয়ে বেশি পেয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে মোট ৫ হাজার ৪৬২ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া মানবিক বিভাগ থেকে ৬২৪ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২২৫ জন জিপিএ-৫ পেয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন।
অরুণ কুমার জানান, বরিশালে এবার মোট পরীক্ষার সংখ্যা ৯১ হাজার ৯৭৯ জন।
এর মধ্যে অংশ গ্রহণ করেছে ৯০ হাজার ১৯৬ জন। পাস করেছে ৮১ হাজার ৩৩৯ জন আর বহিষ্কার হয়েছে ৪৫ জন।
বিভাগের ছয় জেলার মধ্যে এ বছর ১৪৭৭ টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে।  এর মধ্যে ২৩১ টি স্কুলের শিক্ষার্থী  শতভাগ পাস করেছে। এছাড়া কেন্দ্র ছিল ১৯০ টি।
শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের ভালো করার প্রবল ইচ্ছা ও চেষ্টার ফলেই ভালো ফলাফল হয়েছে বলে জানান অরুণ কুমার গাইন।
তিনি আরও জানান,  বরিশাল বোর্ডে এবার কেউ পাস করেনি এমন কোনো বিদ্যালয় নেই।
সংবাদটি শেয়ার করুন....