বরিশাল ব্যুরো ॥ পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও দৈহিক গঠনে কাঠালিয়া উপজেলার স্কুল,কলেজ ও মাদ্রাসাসহ ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ক্রিড়া পরিদপ্তরের বরাদ্ধকৃত এসব ক্রিড়া সামগ্রী বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর একান্ত সহকারি সচিব আতিকুর রহমান রুবেল।
ক্রিড়া সামগ্রী বিতরণকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় আতিকুর বলেন,‘আজকের শিশুরা আগামীর ভবিষ্যৎ। এই কোমলমতি শিশুরা কাদামাটির মতো। ওদের গড়ে তুলতে হবে আগামী ভবিষ্যতের জন্য। তাই পড়াশোনার পাশাপাশি এই শিশুদের শারীরিক সুস্থতা ও দৈহিক গঠনে খেলাধুলার বিকল্প নেই।’
আলোচনা শেষে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে, ব্যাট, বল, ভলিবল, ফুটবল, নেট, ব্যাটমিন্টন সেটসহ নানান প্রকার ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, সম্প্রতি আতিকুর রহমান রুবেলের আবেদনের প্রেক্ষিতে এসব ক্রীড়া সামগ্রী বরাদ্ধ দেন ক্রীড়া পরিদপ্তর ।
