ঝালকাঠি প্রতিনিধি ॥ জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইকে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই। শুক্রবার রাতে ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলার চিংড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বড় ভাই ফিরোজ আলম (৪৭) পেশায় ছিলেন রাজমিস্ত্রী।
নিহতের পরিবার জানায়, ছোট ভাই রুহুল আমিন কাঁঠালিয়া গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তাকে হত্যার ঘটনায় যাবজ্জীবন সাজা ভোগ করে গত বছর বাড়িতে আসে। বাড়ি আসার পর থেকে জমি নিয়ে বড় ভাই ফিরোজ আলমের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। এ নিয়ে মাঝেমধ্যে তাদের ঝগড়া হতো। এরই জেরে শুক্রবার রাতে দুই ভায়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই দা দিয়ে কুপিয়ে বড় ভাইকে আহত করে। তাকে রক্ষা করতে গিয়ে আহত হন বড়ভাইয়ের স্ত্রী রানী বেগমও। গুরুতর আহত অবস্থায় ফিরোজ আলমকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই তার মৃত্যু হয়।
কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযুক্ত রুহুল আমিন ঘটনার পর থেকে পলাতক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
নিহত ফিরোজের স্ত্রী রানী বেগম বলেন, ওর জমি ওকে ভাগ করে দেওয়া হয়েছে। তারপরেও আমাদের জমির দিকে নজর রয়েছে তার। দুই ভাইয়ের মধ্যে প্রায়ই এ নিয়ে কথার কাটাকাটি হতো। এখন আর আমার স্বামী কথা বলবে না। চির দিনের মতো তাঁর মুখ বন্ধ করে দিয়েছে রুহুল। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।’
