চিকিৎসক ও কর্মচারী সংকটে বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। তার ওপর মূল ভবনের নির্মাণকাজ চলায় রয়েছে শয্যাসংকটও। এতে মারাত্মকভাবে ব্যহত হচ্ছে চিকিৎসাসেবা কার্যক্রম।
মেডিসিন, সার্জারি, অর্থোপেডিক, কার্ডিওলজি, চক্ষুসহ বিশেষজ্ঞ ১০ জন চিকিৎসকের মঞ্জুরীকৃত পদ থাকলেও দীর্ঘদিন ধরে পদগুলোয় জনবল নিয়োগ দেওয়া হয়নি। হাসপাতালের এক্স-রে যন্ত্রটি ১০ বছর ধরে অকেজো। নেই হাসপাতালের নিজস্ব বৈদ্যুতিক (জেনারেটর) ব্যবস্থা। এ ছাড়া দীর্ঘদিন ধরে হাসপাতালে অস্ত্রোপচারও বন্ধ।
বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এই স্বাস্থ্য কমপ্লেক্সে ২৮ জন চিকিৎসকের পদ রয়েছে। এর মধ্যে বর্তমানে হাসপাতালে রয়েছেন মাত্র ৪ জন চিকিৎসক। এখানে গাইনি ও প্রসূতি, শিশু, চর্ম ও যৌনসহ বিশেষজ্ঞ চিকিৎসকের ১০টি পদ খালি রয়েছে। ৭ জন মেডিক্যাল অফিসারের পদের বিপরীতে ৪টি পদই ফাঁকা। ডেন্টাল চিকিৎসক, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও প্যাথলজি বিশেষজ্ঞের পদ শূন্য রয়েছে। নেই ডেন্টালের সরঞ্জাম। স্বাস্থ্য সহকারী ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকসহ ১৪ জন মাঠকর্মীরও অভাব রয়েছে। এর বাইরে চারজন পরিচ্ছন্নতাকর্মীর মধ্যে ৩ জনই নেই। মেডিক্যাল টেকনোলজিস্টের ৫টি পদসহ স্টোরকিপার, পরিসংখ্যানবিদ, কম্পাউন্ডার, ক্যাশিয়ার, প্রধান সহকারী, প্রধান সহকারী কাম হিসাব রক্ষক পদে দীর্ঘদিন কাউকে নিয়োগ দেওয়া হয়নি। অফিস সহায়কের দুটি, ওয়ার্ড বয়ের দুটি, আয়ার একটি, রাঁধুনির দুটি নৈশ প্রহরীর দুটি, ল্যাব এটেনডেন্টে, মালি এবং ওটি বয়ের একটি পদ ফাঁকা রয়েছে। সরজমিনে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, নতুনভাবে নির্মাণের জন্য পুরাতন মূল ভবনটি ভেঙে ফেলা হয়েছে। সে জায়গায় নতুন ভবন নির্মাণের কাজ চলছে। পাশের অন্য একটি দোতলা ভবনে চলছে হাসপাতালের কার্যক্রম। ৫০ শয্যার বিপরীতে এই ভবনে রয়েছে ৩০ শয্যা। নিচতলায় বহির্বিভাগ, অফিসকক্ষ ও জরুরি বিভাগ। স্টোররুমে পর্যাপ্ত জায়গা না থাকায় দ্বিতীয় তলার খোলা স্থানে ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য চিকিৎসাসামগ্রী ও যন্ত্রপাতি রাখা হয়েছে।
উপজেলার মোকামিয়া ইউনিয়নের স্থানীয় বাসিন্দা আতাউর রহমান বলেন, সড়ক দূর্ঘটনায় শিকার হয়ে আমার ভাইকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। কিন্তু হাসপাতালের এক্স রে মেশিন নষ্ট থাকায় হাসপাতালের বাইরে থেকে এক্স-রে করতে হয়েছে। এতে বাড়তি টাকা গুনতে হয়।
বেতাগী পৌরশহরের বাসিন্দা আব্দুর রব বলেন, প্রায় দেড় লাখ মানুষের একমাত্র আশ্রয়স্থল বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সের এক্সরে মেশিনটি প্রায় ১০ বছর ধরে বিকল। নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক। একটু সমস্যা হলেই মানুষকে দৌড়াতে হয় জেলা শহর কিংবা বিভাগীয় শহর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এতে রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. জিয়াউল হক লিখন বলেন, প্রতি সপ্তাহে ৬০ থেকে ৬৫ ঘন্টা চিকিৎসা সেবায় নিয়োজিত থাকি। এতে খুব কষ্ট হয়। দুই-এক জন চিকিৎসক দিয়ে প্রতিদিন ২০০ থেকে ৩০০ মানুষের সঠিক সেবা দেয়া যায় না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফাহামিদা লস্কর বলেন, দীর্ঘদিন ধরেই হাসপাতালে চিকিৎসক কর্মচারীর সংকট চলছে। সর্বশেষ গত ১৩ আগস্ট চিঠি লিখে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। শূন্য পদের চাহিদাও পাঠানো হয়েছে। তবে আমরা রোগীদের খুব ভালো সেবা দিয়ে যাচ্ছি। আশা করছি দ্রæতই এই সংকটের সমাধান হবে।
বরগুনার সিভিল সার্জন ফজলুর হক বলেন, চিকিৎসক সংকটের বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণলায়য়ের চিঠির মাধ্যমে জানানো হয়েছে। প্রতি মাসেই সমস্যাগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করা হয়। ভবন পরিত্যক্ত হওয়ার কারণে তা ভেঙে ফেলা হয়েছে। এই কারণে এক্স-রে মেশিনটি সরিয়ে রাখা হয়েছে। আমরা সংকট নিরসনে আপ্রাণ চেষ্টা করছি।
