ঢাকা বৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে যৌতুকের দায়ে স্ত্রীকে হত্যার অভিযোগ

সামীর আল মাহমুদ, ঝালকাঠি প্রতিনিধি
সেপ্টেম্বর ১৪, ২০২৩ ১১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালী গ্রামে মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার ১৩ সেপ্টেম্বর  এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ঘাতক স্বামী আল আমিন। নিহত বিথি আক্তারের ৪ বছরের সিজান নামের একটা সন্তান রয়েছে।

নির্মম হত্যাকাণ্ডের স্বীকার বিথি আকতার (২৩) একই উপজেলার রাজাপুর সদর ইউনিয়নের আঙ্গারিয়া এলাকার মো. ছত্তার মোল্লার মেয়ে এবং গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী এলাকার আল আমিন (২৫) এর স্ত্রী।

নিহত বিথি আক্তারের মেঝো ভাই কাওসার মোল্লা বলেন, আমার বোনের সাথে ৫ বছর আগে আল আমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে ওরা সুখী জীবন যাপন করলেও বিগত এক বছর আগে থেকে আমার বোন জামাই একটা মোটরসাইকেল কেনার টাকা চেয়ে আমার বোনের উপরে নির্যাতন শুরু করে। আমরা কিছুদিন আগে বিশ হাজার টাকা দিলেও বাকি টাকার জন্য নির্যাতন করতেই থাকে। আজকে দুপুরেও আমার বোনকে শারীরিক নির্যাতন করে যা আমার ৪ বছরের ভাগিনার থেকে শুনতে পাই এবং বোনের শরীরেও আলামত আছে। কিন্তু মেরে মুখের ভিতরে চালের পোকা মারার ঔষধ দিয়ে বিকেল ৪ টার দিকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায়।

রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় বলেন, খবর পেয়ে সন্ধ্যার পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ থানায় নিয়ে এসেছি। সকালে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হবে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ডের প্রক্রিয়া চলমান।

সংবাদটি শেয়ার করুন....