ঢাকা বুধবার , ২৭ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বেতাগীতে সরকারি হাসপাতালে শিশুকে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন প্রয়োগের অভিযোগ

সাইদুল ইসলাম মন্টু বেতাগী,বরগুনা
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পেটের পীড়ায় আক্রান্ত রায়হান হোসেন (১৫) নামে এক শিশুকে মেয়াদোত্তীর্ণ হওয়া ইনজেকশন প্রয়োগের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ৮ টার দিকে ঘটনাটি জানাজানি হয়। শিশু রায়হান উপজেলার হোসনাবাদ ইউনিয়নের উত্তর ছোপখালী গ্রামের রাসেল হাওলাদারের ছেলে।

শিশু রায়হানের মামা আব্দুল রাজাক অভিযোগ করেন, পেটের পীড়ার কারণে আমার বোনের ছেলে রায়হান গত রোববার থেকে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে। চেকআপের পর চিকিৎসক জানায়, রোগীর লিভারে ইনফেকশন হয়েছে। এজন্য তারা গত সোমবার রোগীকে তিনটি ইনজেকশন দেয়া। কিন্তু তারপরও রায়হানের ব্যাথা কমছিলো না। এরপর মঙ্গলবার তাকে আরও দুইটি ইনজেকশন দেওয়া হয়। আমি ওইদিন সন্ধ্যায় হাসপাতালে আসলে আমার বোন জানায় রায়হান শরীর জ্বালা পোড়া করছে। তখন আমি ইনজেকশনের বোতল চেক করে দেখি ইনজেকশনের মেয়াদ নেই। গত ৫ মাস আগেই এগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তখন আমি বিষয়টি নার্সদের জানালে তারা বলে ইনজেকশনের ডেট না থাকলে কিছু হয় না। এরপর তারা ইনজেকশনের তিনটা বোতল নিয়ে যায়।

ভুল স্বীকার করে কর্তব্যরত নার্স মানসুরা ইয়াসমিন বলেন, হাসপাতালে অনেক রোগী ভর্তি থাকায় তাড়াহুড়ো করে ভুলবসত ইনজেকশনটি দেওয়া হয়েছে। আমাদের ষ্টোর ইনচার্জ ইনজেকশনটি ষ্টোর থেকে এনে মহিলা ওয়ার্ডের পাশে রেখেছিলো। আমি ওখান থেকে নিয়ে পুশ করেছি।

ষ্টোর ইনচার্জ মোসা. সালমা বলেন, আমি দুপুরে ডিউটি শেষে বাসায় চলে যাই। ইনজেকশনটি মানসুরা নামে এক সেবিকা পুশ করেছে। তবে ইনজেকশনটি পুরোটা দেওয়া হয়নি। আমার ষ্টোরে মেয়াদোত্তীর্ণ কোন ওষুধ নেই। সে ইনজেকশনটি কোথায় পেয়েছে আমি জানি না।

এ বিষয়ে বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফাহমিদা লস্কর জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ কিভাবে আসলো তা তদন্ত করা হচ্ছে। তদন্তে যার দায়িত্বে অবহেলার প্রমাণ মিলবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের ঘটনা যেন পরবর্তী সময়ে না ঘটে তার জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন....