ঢাকা মঙ্গলবার , ১৪ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

শপথ গ্রহণের ৪ মাস ১১ দিন পর মেয়র খোকনের দায়িত্ব গ্রহণ

বরিশাল ব্যুরো 
নভেম্বর ১৪, ২০২৩ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

শপথ গ্রহণের ৪ মাস ১১ দিন পর নগরবাসীর নানাবিধ দুর্ভোগকে সামনে রেখে বরিশাল সিটি করপোরেশনের পঞ্চম পরিষদের দায়িত্ব গ্রহণ করছেন নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। মঙ্গলবার (১৪ নভেম্বর) অভিষেক অনুষ্ঠানের পর বেলা দেড়টায় দিকে নগর ভবনে বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর উপস্থিতিতে তিনি দায়িত্বভার নেন।
এ সময় তার স্ত্রী লুনা আব্দুল্লাহ, ছেলে আবিদুর সেরনিয়াবাত, বরিশাল সদর আসনের সাংসদ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুম শামীম এবং কাউন্সিলররা উপস্থিত ছিলেন। দায়িত্ব নেওয়ার কাগজপত্রে সই করার পর দোয়া- মোনাজাত হয়।
মেয়রের একান্ত সচিব রুবেল হাওলাদার জানান, খোকন সেরনিয়াবাত দায়িত্ব নেওয়ার পরপরই নিয়মানুযায়ী অফিস করেন। নগরের বাংলাবাজার এলাকার একটি মসজিদের বিলে সই করেন।
এসবের আগে নতুন মেয়রের আগমনে সাবেক ও বর্তমান কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধিদের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের পদচারণায় মুখরিত ছিল নগর ভবন ও তার আশপাশের এলাকা। শুরুতে লালগালিচায় সংবর্ধনার পাশাপাশি ফুলেল শুভেচ্ছাও জানান তারা। দায়িত্বগ্রহণের আগে ফজলুল হক অ্যাভিনিউতে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। অভিষেক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার। এতে বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক-এমপি, বরিশাল ২ আসনের সংসদ সদস্য শাহে আলম-এমপি, ৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ-এমপি, সংরক্ষিত সংসদ সদস্য রুবিনা মীরা-এমপি, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হাফিজ মল্লিক, মেয়রের সহধর্মিনী লুনা আব্দুল্লাহ, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ সাইফুল ইসলাম-বিপিএম, জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম-বিপিএম, র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গির আলম।
অনুষ্ঠানে বরিশাল নগর ছাড়াও জেলা-উপজেলা থেকে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, সিটি করপোরেশন নতুন পরিষদের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। যাদের অংশগ্রহনে ফজলুল হক এভিনিউ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

দলীয় নেতাকর্মীরা বলছেন, সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেনের পর খোকন সেরনিয়াবাতকে নিয়ে বরিশালবাসীর প্রত্যাশা অনেক। যার প্রতিফলন ঘটেছে অভিষেক অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি। তবে অভিষেক অনুষ্ঠানে সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ কিংবা তার পরিবার ও অনুসারীদের কাউকে দেখা যায়নি।
এদিকে দায়িত্ব নেয়ার পর বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন, বরিশাল সিটি করপোরেশনে প্রশাসনিক কাঠামো একেবারেই নেই, যেটা অত্যন্ত দুঃখজনক। তবে আপনারা হতাশ ও নিরাশ হবেন না। ইনশ্ আল্লাহ আপনাদের সকলের সহযোগীতা এ থেকে উত্তরণ ঘটবে। বরিশালবাসীর ওপরে ৩ শত কোটি টাকার ওপরে দায়-দেনা রয়েছে। আমি শুধুমাত্র বরিশাল সিটি করপোরেশনে ১২ কোটি টাকা পেয়েছি।
তিনি আবারও বলেন, হতাশ ও নিরাশ হওয়ার কোন কারন নেই। এটা পুনঃগঠন করার কর্মকান্ড আমাদের অবশ্যই থাকবে। যাতে একটি সঠিক জবাবদিহির মধ্যে বরিশাল সিটি করপোরেশনে প্রতিষ্ঠা হয়। আমি বিশ্বাস করি বরিশালবাসী সে সহযোগীতা করবে, আর এখানে কোন বৈষম্যমূলক কিংবা হিংসামূলক কিছু ঘটবে না। আর যারা সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ রয়েছেন, তাদের অনুরোধ করবো- আপনারা নতুনভাবে নিষ্ঠার সাথে কাজ করবেন, মানুষের সেবা প্রদান করবেন এবং আপনাদের দায়িত্বের কোন অবহেলা করবেন না।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলো দেশকে সোনার বাংলা বানাতে চেয়েছিলেন। আর সেই লক্ষ্যে নিয়ে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি একটি অনুন্নত দেশকে উন্নয়নশীল দেশে রুপান্তরীত করছে। আমারও ইচ্ছা এই বরিশাল নগরীকে একটি সুন্দর নগরী হিসেবে গড়ে তুলবো। কিন্তু সেটি করতে গেলে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। খুনী এবং ষড়যন্ত্রকারীদের কবল থেকে দেশকে মুক্ত রাখতে হবে। দেশ থেকে জঙ্গীবাদ মুক্ত করতে হবে, সকল ধর্ম-বর্ণের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, আমি দুঃখের সাথে উল্লেখ করতে চাই-মানানীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমগ্র বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে সামিল হলেও বরিশাল নগরী পশ্চাৎপদ। তবে বরিশালবাসীর দুঃখ দুর্দশার কথা অনুধাবন করে আমি দায়িত্ব নেওয়ার আগেই নেত্রী ৮ শ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। বরিশালবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করিছ।
মেয়র বলেন, বরিশালের মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে, যে দায়িত্ব দিয়েছে তা সঠিকভাবে পালন করবো ইনশ্ আল্লাহ। আমাকে সকলে সহযোগিতা করবেন। সকলের সহযোগিতায় আমি নতুন বরিশাল গড়তে চাই। আমি প্রতিহংসায় বিশ্বাস করি না।

সংবাদটি শেয়ার করুন....