ঝালকাঠিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান মেজর (অব:) ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর বীরত্তম কে অবাঞ্ছিত ঘোষণা করেছে জেলা বিএনপি। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করায় শুক্রবার (১ ডিসেম্বর) সকালে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন।
তিনি জানান, আমরা ঝালকাঠি জেলা বিএনপি তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি।নৌকার মাঝি হওয়ায় ঝালকাঠিবাসী তাকে ধিক্কার জানাচ্ছে। ইতোমধ্যে তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (৩০নভেম্বর)বিকেলে মুঠোফোনে ঝালকাঠি জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, ঝালকাঠি জেলা বিএনপিসহ কেন্দ্রীয় বিএনপি আজ জঞ্জাল মুক্ত হয়েছে। শাহজাহান ওমর দলের জন্য কখনোই কাজ করেননি। তিনি দলের মধ্যে গ্রুপিং সৃষ্টি করে রাখতেন।
ব্যক্তি সুবিধা পেতেই তিনি দলে ছিলেন। দলের মন্ত্রী এমপি থাকাকালীন সময় দলের পদ পদবী ব্যবহার করে নানা ফায়দা লুটেছেন। সবসময় দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন তিনি। সে নৌকার মাঝি হওয়ায় ঝালকাঠিবাসী তাকে ধিক্কার জানাচ্ছে। ইতিমধ্যে তাকে দল থেকে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
ঝালকাঠি
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্ব থাকা) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন বলেন, দলের নেতাকর্মীদের আবেগ অনুভূতিতে আঘাত করেছেন শাহজাহান ওমর। ১৫ বছর গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে লড়াই সংগ্রামে দমন-পীড়নকারীদের পাশ কাটিয়ে নৌকার মাঝি হওয়ায় সকল শ্রদ্ধা সম্মান বিসর্জন দিয়েছেন তিনি।
ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ঝালকাঠি-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী (২০০৮ সালে এই আসনে বি এন পির প্রার্থী)রফিকুল ইসলাম জামাল বলেন, দলের মধ্যে ঘাপটি মেরে থাকা দলের শত্রু আজ চিহ্নিত হয়েছে। দলের সঙ্গে বেইমানি করায় নেতাকর্মীরা শাহজাহান ওমরের প্রতি ঘৃণা প্রকাশ করছে।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় রাজাপুর উপজেলা সদরের বাঘরি এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে শাহজাহান ওমরকে প্রত্যাখানের ঘোষণা দেন দীর্ঘ দিনের রাজনৈতীক সহকর্মী রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসিম আকন। তিনি বলেন” আমরা তাকে অনেক বুঝিয়েছি, তিনি আমাদের কথা শোনেননি। আমরা তার সাথে নেই, যতদিন বেচে থাকবো বিএনপির সাথে থাকবো। তিনি অনেক বড় মানুষ, এখন আমরা ছোট মানুষরা মিলেমিশে বিএনপি করবো। নাসিম আকন বলেন, শাহজাহান ওমর আওয়ামী লীগে যোগদানের ঘোষণার সাথে সাথে রাজাপুরে তার বাসভবনের কেয়ারটেকার সিদ্দিক বাইপাস মোড়ে বিএনপি অফিস থেকে সাইন বোর্ড খুলে ফেলেছে এবং আসবাবপত্র ফেলে দিয়েছে। আমি একদিন সময় চেয়েছিলাম আসবাবপত্র সরিয়ে নেয়ার জন্য। কিন্তু কোন সময় দেয়া হয়নি। শুনছি এখন এই অফিসে নৌকা প্রতীকের কাযর্ক্রম চালানো হবে। উল্লেখ্য ২০০৩ সালে জোট সরকারের আইন প্রতিমন্ত্রী থাকাকালে শাহজাহান ওমর নিজের কিছু জমি ও সড়কের পাশে রোডস এন্ড হাইওয়ের কিছু জমির ওপর বিশাল আকৃতির দোতলা ভবন তৈরি করে বিএনপি অফিস নির্মান করেন।
এর আগে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করে দলটি।
রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। সুতরাং বিএনপির গঠনতন্ত্র মোতাবেক মুহাম্মদ শাহজাহান ওমরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাহজাহান ওমরকে ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত জানায় আওয়ামী লীগ। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এসে আওয়ামী লীগে যোগ দেয়ার কথা জানান সদ্য সাবেক বি এন পি নেতা মুক্তিযুদ্ধের ৯ নং সাব সেক্টর কমান্ডার শাহজাহান ওমর বীরত্তম।
