ঢাকা রবিবার , ১৬ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

রেল বিভাগের অস্থায়ী কর্মচারীদের কর্মবিরতি, যাত্রীদের ভোগান্তি

আইএম নিউজ
অক্টোবর ১৬, ২০২২ ৮:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

নাটোর প্রতিনিধি :: ছয়-দফা দাবিতে রেল বিভাগের অস্থায়ী শ্রমিক-কর্মচারীরা রোববার সকাল ৬টা থেকে কর্মবিরতিতে রয়েছে। এতে চরম যাত্রী ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

নাটোর স্টেশনের মাস্টার মোসা. কামরুন নাহার জানিয়েছেন, কর্মবিরতির কারণে সকাল থেকে সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ থাকলেও সকাল ১০টার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টা ৫৫ মিনিটে নাটোরে আসে। তৃতীয় শ্রেণির অস্থায়ী কর্মচারীদের ধর্মঘটের কারণে তারা সিগন্যাল না দেওয়ায় ট্রেনটি স্টেশনের বাইরে অবস্থান করে। ট্রেনটি নাটোরে ৫ মিনিট বিরতি থাকলেও ধর্মঘটের কারণে ট্রেনটি প্রায় দুই ঘণ্টা অবস্থান করে।

অন্যদিকে সকাল সোয়া ৫টার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ট্রেনটি নাটোরের মাধনগর স্টেশনে এলে একইভাবে কর্মচারীদের ধর্মঘটের কারণে ট্রেনটি স্টেশনের বাইরে অবস্থান করে। সকাল ১০টার দিকে ট্রেনটি ছেড়ে যায়।

আন্দোলনকারীরা রেলওয়ে কর্মরত অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়ী করা, নিয়োগবিধি ২০২০ সংশোধন করে আগের মতো চতুর্থ শ্রেণির কর্মচারীদের ৮ম শ্রেণি পাশ বহাল রাখা, আউটসোর্সিং খাত বাতিল করা, সব বকেয়া বেতন দ্রুত পরিশোধ করা, ক্ষমতার বলে অস্থায়ী কর্মচারীদের চাকরিচ্যুত না করা ও প্রচলিত নিয়মানুযায়ী দৈনিক কর্মঘণ্টা আট ঘণ্টা করার দাবি জানিয়েছে।

অবিলম্বে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন ও সারা দেশে একযোগে ট্রেনের শ্রমিক-কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন....