আজ শুক্রবার বরিশাল আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার আওয়ামী লীগ সভাপতি হিসেবে রাজনৈতিক সফরে বরিশালে আসছেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকা প্রতীকের প্রচারণায় অংশ নিয়ে আজ দুপুরে ভাষণ দিবেন নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল জেলা আওয়ামী লীগের আয়োজিত জনসভায়। এরআগে ২০১৮ সালের পর আজই প্রথম বরিশালের জনসভায় ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উৎসব-আনন্দে মেতেছে দক্ষিণাঞ্চবাসী। গোটা নগরীকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। প্রধানমন্ত্রীর জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে গত কয়েকদিন নিরলস কাজ করেছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ জনসভায় অন্তত ১০ লাখ মানুষের সমাগম ঘটবে বলে আশা করছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা।
ইতিমধ্যে প্রধানমন্ত্রীর নির্বাচনী সফর ও জনসভার সব প্রস্তুতি শেষ হয়েছে। দলের মনোনীত প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে এখন অধীর অপেক্ষায়। জনসভাকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার প্রস্তুতিও নিয়েছে প্রশাসন।
গতকাল বৃহাস্পতিবার সরেজমিনে দেখা গেছে, নগরীর বঙ্গবন্ধু উদ্যানে মঞ্চ নির্মাণের কাজ শেষ হয়েছে। মাঠের চারপাশ পরিষ্কার-পরিছন্ন করা হয়েছে। নগরীর সকল হকার দোকানিদের উচ্ছেদ করা হয়েছে। নগরীর সড়কগুলো মেরামত করে সাজানো হয়েছে। প্রতিটি পাড়া-মহল্লায় চলছে মাইকিং। নগরীর প্রতিটি পয়েন্টকে সাজানো হয়েছে। করা হয়েছে, লাগানো হয়েছে রাস্তার মধ্যখানে বিভিন্ন ধরনের লাইট। জোরদার করা হয়েছে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা। তবে সমাবেশস্থলের আশেপাশে ব্যানার-ফেস্টুন চোখে পড়েনি।
একইসাথে শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে নগরজুড়ে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। জনসভায় প্রবেশের আগে প্রত্যেককে চেকিং করা হবে। বরিশাল ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে আমরা অতিরিক্ত পুলিশের ফোর্স আনছি। সাদা পোশাকেও গোটা এলাকা নজরদারিতে রাখা হবে।
প্রধানমন্ত্রীর সফর কমিটির মুখপাত্র হিসাবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বলেছেন, দক্ষিণাঞ্চল বাংলাদেশের উন্নয়নের রোল মডেল। পদ্মা সেতু পায়রা বন্দর থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন এনেছেন বঙ্গবন্ধুকন্যা। সমাবেশে ১০ লাখ মানুষের সমাগম ঘটবে।
বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত জানিয়েছেন, জননেত্রীর আগমন উপলক্ষে সর্বোচ্চ এবং সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ বলেন, জননেত্রী আসবেন এই খবরেই আমাদের নেতাকর্মীরা উজ্জীবিত। এখন আমরা তার আসার অপেক্ষায় রয়েছি।
শুক্রবার বরিশালের জনসভা শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওয়ানা হবেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
