বরিশালের আড়িয়াল খাঁ নদী ও কমিশনার চর, কামারচরে অভিযান চালিয়ে ৩৫ মন জাটকা ও অবৈধ জাল জব্দ করা হয়েছে। সোমবার মধ্যে রাতে বাবুগঞ্জ মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করেন।
মঙ্গলবার (১৩ ফেব্রæয়ারী) তথ্যের সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, জব্দকৃত জাটকা মোবাইল কোর্টের মাধ্যমে ১৩ টি এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমান।
তিনি আরও জানান, অভিযানে প্রায় সাত লাখ টাকা মূল্যের একটি পাই জাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এছাড়াও একটি ট্রলার, লোহার এ্যাংকর ও ড্রাম নিলামে বিক্রি করে ৫৪ হাজার ৩০০ টাকা চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করা হয়েছে। এরআগে সোমবার বিকেলেও উপজেলার সন্ধ্যা নদীর রাকুদিয়া ও গুচ্ছ গ্রাম কালীবাড়ি খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তিন লাখ টাকা মূল্যের ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছিলো বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
