ঝালকাঠিতে হাসিবুল হাসান সোহেল নামে এক পুলিশের এএসআইকে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় জেল হাজতে পাঠিয়েছে আদালত।সোহেল বরগুনার আমতলী থানায় এএসআই পদে কর্মরত রয়েছেন।
এএসআই মো. হাসিবুল হাসান সোহেল পটুয়াখালী শহরের নবাবপাড়া এলাকার সরদার আ: খালেক এর ছেলে।
বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক এ,এইচ,এম ইমরানুর রহমান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদি পক্ষের আইনজীবী মো. নাসির উদ্দিন।
মামলার এজাহার সুত্রে জানা গেছে, ২০১৭ সালে ঝালকাঠি সদর উপজেলার সারেঙ্গল গ্রামের তাহমিনা আক্তার নামে এক নারীকে বিয়ে করেন এএসআই মো. হাসিবুল হাসান সোহেল।
সোহেল প্রথম স্ত্রীর পরিচয় গোপন রেখেছিলেন তখন।
হাসিবুল ও তাহমিনা দম্পতির ৫ বছর বয়সি একটি ছেলে সন্তান রয়েছে। ২০২৩ সালের জুন মাসের দিকে তাহমিনা আক্তার আবার সন্তান সম্ভবা হলে তাকে নির্যাতন শুরু করে এএসআই মো. হাসিবুল হাসান সোহেল। পরে তাহমিনা আক্তার ও তার পরিবারের কাছে যৌতুক দাবি করে হাসিবুল হাসান সোহেল। এক পর্যায়ে
নির্যাতন সহ্য করতে না পেরে স্বামী এএসআই হাসিবুল হাসান সোহেলকে আসামী করে ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে যৌতুক মামলা দায়ের করেন তাহমিনা আক্তার। এএসআই হাসিবুল হাসান সোহেল বর্তমানে তার প্রথম স্ত্রীকে নিয়ে বরগুনা জেলার আমতলী বসবাস করেন।
