ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ ঈদে নানা বাড়ি বেড়াতে গিয়ে মায়ের চোখের সামনে ইজিবাইক চাপায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তানজিলা আক্তার(৩) এক শিশুর। নিহত শিশু তানজিলা সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের চর বাটারকান্দা গ্রামের বাহারুল হাওলাদারের মেয়ে।
গত সোমবার (১৫ এপ্রিল) বিকেলে সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের শিরযুগ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, তানজিলা মায়ের সাথে শিরযুগ নানা বাড়িতে ঈদে বেড়াতে গিয়ে ছিলো। বেড়ানো শেষে নানা বাড়ি থেকে চর বাটারকান্দার নিজ বাড়িতে আসার জন্য গাড়ির অপেক্ষায় রাস্তার পাশে মায়ের সাথে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুত গতির একটি ইজিবাইক তাকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ইজিবাইকটিকে জব্দ করলেও চালক পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তানজিলাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, পুলিশ ব্যাটারি চালিত ইজবাইকটিকে জব্দ করেছে। চালক পালিয়ে তাকে আটক করা সম্ভব হয়নি। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
