ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার কাঠালিয়া সদর ইউনিয়নের পশ্চিম আউরা গ্রামে মো. আফজাল তালুকদার (৪৫) নামের এক ডেকরেটর ব্যবসায়ী হিট স্ট্রোকে মারা গেছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন,পরবর্তী তে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে রাত ১১টার দিকে তিনি মৃত্যু বরন করেন।
স্থানীয় পল্লী চিকিৎসক দিলীপ চন্দ্র হাওলাদার হিট স্ট্রোকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রচন্ড গরমের কারণেই তাঁর স্ট্রোকে মৃত্যু হয়েছে।
মৃত মো. আফজাল তালুকদার মৃত মো. আনোয়ার তালুকদারের বড় ছেলে।
৪নং কাঠলিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার জানান, জানা মতে আফজালের কোনো রোগ ছিল না। প্রচন্ড গরমের কারণেই স্ট্রোক করে মারা গেছেন তিনি। কয়েকদিন ধরেই প্রচন্ড গরম পড়েছে।
মো. আফজাল তালুকদার কাঠালিয়া বাসস্টান্ড এলাকার ডেকোরেটর ব্যবসায়ী ছিলেন। তাঁর স্ত্রী, দুই সন্তান রয়েছে। রোববার সকাল ৯টায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
এদিকে আজও ঝালকাঠির ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।ঝালকাঠিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রী সেলসিয়াস। প্রখর রোদে আর ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেনা।
