ঢাকা শনিবার , ২৭ এপ্রিল ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও দুই সন্তানের মৃত্যু

অনলাইন ডেস্ক
এপ্রিল ২৭, ২০২৪ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মা ও তার ২ সন্তানের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে ইউনিয়নের ডালমারা গ্রামে এই ঘটনা ঘটে।

নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি।

বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন  বলেন, আজ বেলা ১১টার দিকে নিয়ামতি ইউনিয়নের ডালমারা গ্রামে এই ঘটনা ঘটে। এতে গৃহবধূ সোনিয়া বেগম (৩১), তার ৯ বছরের মেয়ে রেজমি আক্তার ও ৫ বছরের ছেলে সালমান মোল্লা নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কালাম তালুকদার বলেন, নিহতদের বাড়ি ৪ নম্বর ওয়ার্ডে। আমার বাড়ির কাছাকাছি। রিয়াজ মোল্লা প্রতিদিনের মতো কাজ করতে বাড়ির বাইরে ছিলেন। তার স্ত্রী সোনিয়া দেড় বছরের সন্তানকে ঘরে রেখে ঘরের পাশের লেবু গাছ থেকে লেবু আনতে যায়। সঙ্গে বড় মেয়ে ও মেজো ছেলে ছিল। লেবু গাছের গোড়ায় নালায় বিদ্যুতের তার ছিড়ে পড়েছিল। সেই তার মেঝ ছেলে সালমানের গলায় লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তা দেখে মা সন্তানকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। তখন মাকে বাঁচাতে যায় ৯ বছরের মেয়ে। সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।

আবুল কালাম তালুকদার বলেন, লেবু গাছে কীভাবে বিদ্যুতের তার ছিড়ে পড়েছিল তা কেউ বলতে পারছে না। মুহূর্তেই একটি সাজানো পরিবার শেষ হয়ে গেল।

সংবাদটি শেয়ার করুন....