ঝালকাঠির রাজাপুর উপজেলায় পানিতে ডুবে আব্দুল্লাহ (৬) ও জামিলা আক্তার (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বামনকাঠি ও গালুয়া ইউনিয়নের দূর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জামিলা আক্তার দূর্গাপুর এলাকার আবদুল বারেকের মেয়ে এবং আব্দুল্লাহ বামনকাঠি এলাকার রফিক হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু.আতাউর রহমান।
খোঁজ নিয়ে জানাগেছে, আব্দুল্লাহ বাবার সাথে গরু আনতে মাঠে যেতে চাইলে বাবা রফিক হাওলাদার ছেলেকে বাড়িতে রেখে তিনি মাঠে চলে যায়। গরু নিয়ে বাড়ি ফিরে ঘরের পিছনে পুকুরে ছেলের লাশ ভাসতে দেখেন পরে ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অন্য দিকে জামীলা প্রতিদিনের ন্যায় খেলাধুলা করতে বসত ঘরের পিছনে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে কোথাও দেখতে না পেয়ে সবাই খোঁজাখুঁজি করে এক পর্যায়ে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাহেদ হাসান খান বলেন, দুপুরে পানিতে পড়া দুইজন শিশু মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসছিলো। তাদের হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।
রাজাপুর থানার ওসি আতাউর রহমান বলেন, পানিতে পড়ে নিহত দুই শিশুর লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
