জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করা হয়।
এতে ঝালকাঠি জেলায় আগামীকাল ১ জুন ৮৯ হাজার ৫৯ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ৭৩৯ শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭৮ হাজার ৩২০ শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে।
ঝালকাঠি সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম বলেন, আগামী ১ জুন সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার ৮২৪টি কেন্দ্রে এ কার্যক্রম চলবে। এজন্য কাজ করবে স্বাস্থ্য বিভাগের কর্মীসহ স্বেচ্ছাসেবীরা। এ কর্মসূচি বাস্তবায়নে কোনো শিশু যাতে এ কার্যক্রম থেকে বাদ না পড়ে সেই বিষয়টা নিশ্চিত করতে কাজ করছে স্বাস্থ্য কর্মীরা। জেলা পর্যায়ে সদর হাসপাতালে ভিটামিন খাওয়ার কারণে অসুস্থ্ শিশুদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। উপজেলা পর্যায়ে অনাকাঙ্খিত ঘটনার জন্য জরুরি চিকিৎসা দেয়ার নিমিত্তে টিম গঠন করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।
ওরিয়েন্টেশন কর্মশালা সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম।
