ঢাকা রবিবার , ৩০ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কাঠালিয়ায় চিকিৎসকের অবহেলায় সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

সামীর আল মাহমুদ ঝালকাঠি প্রতিনিধি
জুন ৩০, ২০২৪ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের অবহেলায় তালতলা বাজারের ব্যবসায়ী সেলিম আকনের(৬০) মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গতকাল ঝালকাঠি জেলার সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। তদন্ত কমিটির সদস্যরা হলেন, নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শিউলী পারভীন (সভাপতি), ঝালকাঠি সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. সিয়াম আহসান (সদস্য) ও ডা. মো. মোস্তাফিজুর রহমান (সদস্য সচিব)।

একইসঙ্গে আগামী দুই কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য গত ২৮ জুন রাত নয়টার দিকে উপজেলার তালতলা বাজারের সেলিম আকনের মুদি দোকানে বসে পলিথিন ব্যাগ নাড়াচাড়া করার সময় একটি সাপ তার হাতে কামড় দেয়। এ সময় সেলিম নিজেই উপস্থিত লোকজনদের জানায় যে তাকে সাপে কামড় দিয়েছে। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলার আমুয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা রোগীর স্বজনদের জানায় তাদের কাছে এন্টিভেনম রাখার স্টোর রুমের চাবি নেই, তাই তারা চিকিৎসা দিতে পারছেন না। এভাবে প্রায় এক ঘণ্টা রেখে রোগীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পথে রাত একটার দিকে সেলিমের মৃত্যু হয়।
সেলিম আকন উপজেলার পূর্ব বাশবুনিয়া গ্রামের আ. সত্তার আকনের ছেলে।
তবে এবিষয়ে কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপশ কুমার জানান, সাপে কাটার রোগীকে ভ্যাকসিন পুষ করার জন্য রোগীর নিকটতম স্বজনের দাবি পত্রে স্বাক্ষর নেয়ার বিধান রয়েছে। সেলিমের পক্ষে কেউ স্বাক্ষর না করায় কর্তব্যরত চিকিৎসক তাকে এন্টিভেনম পুষ করতে পারেননি। পরবর্তীতে স্বজনরা আগ্রহী হয়ে তাকে বরিশাল নিয়ে গেছেন।

 

সংবাদটি শেয়ার করুন....