ঢাকা সোমবার , ৪ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বিআইডব্লিউটিসির জন্য ১৮টি নৌযানের নির্মাণকাজ ৯০ শতাংশ শেষ হয়েছে: উপদেষ্টা সাখাওয়াত

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ৪, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) জন্য মুন্সিগঞ্জের গজারিয়ায় থ্রি অ্যাঙ্গেল শিপইয়ার্ডে নির্মাণাধীন বিভিন্ন ধরনের ১৮টি নৌযানের নির্মাণকাজ ৯০ শতাংশ শেষ হয়েছে। আগামী মাসের দিকে এগুলো সংস্থাটিকে বুঝিয়ে দেওয়া শুরু করবে শিপইয়ার্ড কর্তৃপক্ষ।

সোমবার (৪ আগস্ট) গজারিয়ার নয়ানগরে শিপইয়ার্ডে নৌযানের নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, সরকারি মালিকানাধীন বিআইডব্লিউটিসির বহরে নতুন প্রযুক্তিনির্ভর জলযান সংযোজনের উদ্যোগ প্রশংসনীয়। তবে কিছু কারিগরি সমস্যার কারণে নির্ধারিত সময়ের মধ্যে সরবরাহ শুরু করা যায়নি, তবে সবকিছু ঠিক থাকলে চলতি বছরের আগামী সেপ্টেম্বর মাস থেকেই হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে।

তিনি বলেন, বিআইডব্লিউটিসির জন্য যেসব নৌযান তৈরি হচ্ছে, তার মধ্যে রয়েছে- ছয়টি ফেরি, দুটি অগ্নিনির্বাপক টাগবোট, দুটি উপকূলীয় তেলবাহী জাহাজ, চারটি দ্রুতগতির সি-ট্রাক, তিনটি যাত্রী পরিবহনযান এবং একটি বিশেষায়িত পরিদর্শন বোট।

থ্রি-অ্যাঙ্গেল শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আমিনুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আমরা সম্পূর্ণ প্রস্তুত না থাকলেও শেষ ধাপে আমরা দ্রুতগতিতে এগোচ্ছি। আশা করছি নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আমরা ধাপে ধাপে নৌযানগুলো বুঝিয়ে দিতে পারব।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিসি চেয়ারম্যান সলিম উল্লাহ, প্রকল্প পরিচালক ও প্রধান প্রকৌশলী জিয়াউল ইসলাম, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, গজারিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম এবং সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মুস্তফা।

সংবাদটি শেয়ার করুন....