সিলেটের গোয়াইনঘাট উপজেলার আছারকান্দি আমবাড়ি এলাকায় ভারতীয় চোরাচালান পণ্য ও চোরাকারবারিদের ধরার সময় দুই বিজিবি সদস্যের নৌকা ডুবির ঘটনা ঘটে। এই ঘটনায় এক বিজিবি সদস্য নিখোঁজ রয়েছেন।
শনিবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের আমবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ বিজিবি সদস্যের নাম মাসুম বিল্লাহ।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী। তিনি জানান, আমবাড়ি এলাকায় পিয়াইন নদীতে বিকেলে নৌকা বোঝাই ভারতীয় চোরাচালান পণ্য ধাওয়া করেন সোনারহাট বিজিবি ক্যাম্পের মাসুম বিল্লাহসহ অন্যান্য বিজিবি সদস্যরা। তখন ভারতীয় চোরাচালান পণ্য বোঝাই নৌকার ধাক্কায় বিজিবির নৌকাটি তলিয়ে যায়। এ সময় পানিতে ডুবে মাসুম বিল্লাহ নিখোঁজ হন।
এখন পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি। উদ্ধার কাজ অব্যাহত রেখেছে স্থানীয় ডুবুরি দল, ফায়ার সার্ভিসের সদস্যসহ সংশ্লিষ্টরা।
