রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতার বাড়ির সামনে একটি চিরকুটের সঙ্গে কাফনের কাপড় ফেলে গেছে দুর্বৃত্তরা। শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে মোহনপুর উপজেলার ধুরইল গ্রামে এ ঘটনা ঘটে
হুমকি পাওয়া নেতা খালিদ হাসান ওরফে মিলু এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক।
প্রাপ্ত চিরকুটে লেখা ছিল- ‘প্রস্তুত হ রাজাকার। বাপ-মায়ের দোয়া নে। তোদের দিন শেষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’ একই রাতে তার বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগও করেছেন তিনি।
এনসিপি নেতা খালিদ হাসান জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে ফেরেন তিনি। ঘরের মধ্যে বসে থাকার সময় জানালার পাশ দিয়ে অপরিচিত একজন তাকে বাইরে ডাকেন। বারান্দায় এসে তিনি টিনের সঙ্গে থাকা কাঠের আড়ায় আগুন জ্বলতে দেখেন এবং পেট্রলের গন্ধ পান।
তিনি বাড়ি থেকে বের না হয়ে প্রথমে প্রতিবেশী ও ধুরইল বাজারের নৈশপ্রহরীকে ডাকেন এবং পুলিশে খবর দেন। পরে বাইরে এসে বাড়ির সামনে একটি পলিথিন দেখতে পান। ভেতরে কী আছে না জেনে তা স্পর্শ করেননি। পুলিশ এসে পলিথিনের ভেতর থেকে একটি কাফনের কাপড় ও হুমকি লেখা চিরকুট উদ্ধার করে নিয়ে যায়।
খালিদ হাসানের অভিযোগ, বৃষ্টির কারণে বাড়ি ভেজা থাকায় পেট্রল ঢাললেও আগুন ছড়াতে পারেনি। যেটুকু আগুন লেগেছিল, তা তিনি ও স্থানীয়রা মিলে নেভান। এমন হুমকিতে আমি উদ্বিগ্ন ও আতঙ্কিত বলেন তিনি
এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু বলেন, ‘এটি দুঃখজনক ও লজ্জাজনক ঘটনা। আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো প্রকাশ্যে হুমকি দিয়ে যাচ্ছে। প্রশাসনের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তার কারণেই তারা এমন সাহস পাচ্ছে।’
মোহনপুর থানার ওসি আতাউর রহমান জানান, ‘খবর পাওয়ার পর রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে এবং তদন্ত চলছে।
