বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অচিরেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান। তিনি বলেন, ‘নির্বাচনের সময় নির্ধারণ হয়েছে, তার আগেই তিনি দেশে ফিরবেন। ক্ষমতায় গেলে এবং প্রধানমন্ত্রী হলে অবহেলিত সব মানুষের জন্য কাজ করবেন।’
সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিএনপির ৩১ দফা কর্মসূচি নিয়ে কথা বলেন এবং গণসংযোগ করেন।
ব্যারিস্টার কামরুজ্জামান বলেন, বর্তমান রাষ্ট্র সংস্কারের কথা প্রথমে বিএনপিই তুলেছিল এবং তা বলেছিল পতিত সরকারের আমলেই। তারেক রহমানের অঙ্গীকার একটি মানবিক, বৈষম্যহীন সমাজ গঠন করা-যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, কর্মসংস্থান বাড়বে, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন হবে এবং নৈরাজ্য-হানাহানি দূর হবে।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। দেশের উন্নয়ন মানে কৃষকের উন্নয়ন। কৃষির উন্নয়ন ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয়।’ তিনি দাবি করেন, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনই বিএনপির প্রধান লক্ষ্য, যা বর্তমান সরকারের আমলে ধ্বংস হয়ে গেছে।
এ সময় পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি স্থানীয় একটি স্কুল মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
