ঢাকা বৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় অনলাইন জুয়ার টাকা নিয়ে বিরোধে যুবক ছুরিকাঘাতে নিহত

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ১৪, ২০২৫ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন জুয়ার টাকা লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জেরে মোহাম্মদ রাসেল (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের সুলতানপুরে এ ঘটনা ঘটে। রাসেল ওই এলাকার আবু বক্করের ছেলে।

নিহতের স্বজনদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাতে স্থানীয় এক কিশোর রাসেলকে ঘুম থেকে ডেকে বাড়ির সামনে নিয়ে যায়। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে কিশোরটি রাসেলের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাসেলের মরদেহ মর্গে রাখা হয়েছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, ঘটনার পরপরই এক কিশোরকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোর অনলাইন জুয়ার টাকা লেনদেন নিয়ে রাসেলের সঙ্গে তার বিরোধের কথা স্বীকার করেছে। আটক কিশোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন....