দেশকে প্রগতিশীল ও উন্নয়নমুখি করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক রায়হান আমিন রনি।
শুক্রবার (১৫ আগস্ট) নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া বাজারে তৃণমূল পর্যায়ের মানুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণের সময় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনেরও দাবি জানান।
তিনি দাবি করেন, এই ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং আগামীর বাংলাদেশ হবে একটি আধুনিক, প্রগতিশীল ও উন্নয়নমুখি রাষ্ট্র।
লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও শতাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। রনি বাজারের বিভিন্ন দোকানে ও পথচারীদের হাতে বিএনপির কেন্দ্র ঘোষিত ৩১ দফার লিফলেট তুলে দেন।
উল্লেখ্য, রায়হান আমিন রনির বাবা মরহুম নুরুল আমিন তালুকদার নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের বিএনপির তিন বারের সংসদ সদস্য ছিলেন।
