ঢাকা সোমবার , ১৮ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় করতোয়া নদী দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ১৮, ২০২৫ ১২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

করতোয়া নদী দখল ও দূষণমুক্ত করার ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে বগুড়া শহরের রাজাবাজার এলাকায় নদীর ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। রোববার (১৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের নির্দেশে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু শাহমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।\

জানা গেছে, দীর্ঘদিন ধরেই করতোয়া নদী দখলমুক্ত করতে অভিযান চলছে। সম্প্রতি শহরের ডায়াবেটিক হাসপাতাল থেকে দত্তবাড়ি ব্রিজ পর্যন্ত সকল অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর অংশ হিসেবে রোববার সকাল ১১টায় রাজাবাজার এলাকায় আড়ৎদার কানাই লাল জয়সোয়াল ময়নার ‘কৃষ্ণ ভাণ্ডার’ নামের একটি আড়ৎ ও তার বাড়ির কিছু অংশ ভেঙে ফেলা হয়।

অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু শাহমার সঙ্গে ছিলেন বগুড়া সদর উপজেলা ভূমি কর্মকর্তা পলাশ চন্দ্র সরকার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম এবং পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মাদ আছাদুল হক। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের একটি দল উপস্থিত ছিল।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, করতোয়া নদী রক্ষায় এমন অভিযান নিয়মিতভাবে চলবে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মাদ আছাদুল হক বলেন, ‘বগুড়া শহরের ডায়াবেটিস হাসপাতাল থেকে শুরু করে দত্তবাড়ি ব্রিজ পর্যন্ত আমাদের এই অভিযান চলবে। আমরা আশা করছি নদী আবারও তার আগের রূপে ফিরবে।’

সংবাদটি শেয়ার করুন....