প্রাচীনকাল থেকেই বগুড়াসহ রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলার যাত্রীরা সারিয়াকান্দি-মাদারগঞ্জ নৌরুট ব্যবহার করে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় যাতায়াত করেন। এ নৌপথ দিয়ে জামালপুর হয়ে ঢাকার দূরত্বও অনেক কম। এই রুটে প্রতিদিন কয়েক হাজার যাত্রী বগুড়া এবং জামালপুর জেলায় যাতায়াত করেন। জীবনের ঝুঁকি নিয়ে ছোট নৌকা দিয়ে যমুনা পাড়ি দেন তারা। এসব নৌকায় ছাউনি না থাকায় যাত্রীদের প্রখর রোদে পুড়ে বা বৃষ্টিতে ভিজে চরম দুর্ভোগের শিকার হতে হয়।
যাত্রীদের সমস্যা লাঘবে কয়েকবছর আগে এ নৌরুটে সি-ট্রাক সার্ভিস চালু করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। কিন্তু যমুনার নাব্যতা সংকট ও বারবার সি-ট্রাকের যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় সেই সার্ভিসটি। ওই সময় এখানে নদীবন্দর স্থাপনের জন্য জেলা প্রশাসকের কাছে দাবি জানান স্থানীয়রা। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে সারিয়াকান্দিতে নদীবন্দর গড়ে তুলতে উদ্যোগ নেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা।
এরইমধ্যে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডোর আরিফ আহম্মেদ মোস্তফা সারিয়াকান্দি নৌঘাট পরিদর্শন করেছেন। তার পরিদর্শনের পরপরই সারিয়াকান্দিতে নদীবন্দরের যৌক্তিকতা যাচাই করতে একটি সার্ভে প্রতিনিধি দল আসেন এখানে। বিআইডব্লিউটিএ ইনল্যান্ড সার্ভে ভেসেল ঝিনাই-২ জাহাজটি গত কয়েকদিন ধরেই সারিয়াকান্দি নৌঘাটে অবস্থান করে জরিপকাজ অব্যাহত রেখেছে।
সারিয়াকান্দিতে কয়েকবছর ধরেই পলিমাটি জমে যমুনা নদীর অববাহিকায় বিশালাকার কৃষিজমি সৃষ্টি হয়েছে। যেখানে প্রতিবছর বিভিন্ন প্রজাতির প্রচুর পরিমাণে ফসল ফলে। পরিবহন ব্যবস্থা ভালো না থাকায় এসব ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন এলাকাবাসী। তাদের উৎপাদিত ফসল সহজে বাজারজাত করে ন্যায্য মূল্য পেতে এবং সারিয়াকান্দি-মাদারগঞ্জ নৌরুটের হাজারও যাত্রীর সুবিধার্থে নদীবন্দরের স্বপ্ন বহুদিনের।
স্থানীয় শাহাদাৎ হোসেন সনি বলেন, সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের কথা ছিল, সেটি বাস্তবায়ন হয়নি। এখানে একটি সার কারখানা স্থাপন করারও কথা ছিল, তাও বাস্তবায়ন হয়নি। আমাদের সারিয়াকান্দিবাসীর সর্বশেষ দাবি এখানে নৌবন্দর স্থাপন করা। এটি দ্রুত বাস্তবায়ন করে আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করা আমাদের এলাকাবাসীর জোর দাবি।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান বলেন, এলাকাবাসীর সুবিধার কথা বিবেচনা করে বগুড়া জেলা প্রশাসক সারিয়াকান্দিতে নৌবন্দর গড়ে তুলতে উদ্যোগ গ্রহণ করেছেন। এরইমধ্যে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান সারিয়াকান্দি নৌঘাট পরিদর্শন করেছেন। এখানে নৌবন্দর গড়ে তুলতে প্রয়োজনীয় সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলমান রয়েছে। সবকিছু ঠিক থাকলে শিগগিরই সারিয়াকান্দিতে নৌবন্দর বাস্তবায়নে কাজ শুরু হবে।
