চট্টগ্রামের পটিয়ায় পৈতৃক সম্পত্তির ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে মাকে নির্যাতনের অভিযোগে করা মামলায় দুই সন্তানকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম তাররাহুম আহমেদ এ আদেশ দয়
দণ্ডপ্রাপ্তরা হলেন- ভুক্তভোগী ওই গৃহবধূর ছেলে তাজুল ইসলাম টিটু (২৭) ও মেয়ে ডলি আক্তার (৩০)। তারা পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের উত্তর মনসা গ্রামের বাচ্চু চেয়ারম্যানের বাড়ির বাসিন্দা।
প্রসঙ্গত, সোমবার রাতে নিজের ছেলে, মেয়ে ও জামাতার হাতে মারধরের শিকার হন মা নুর জাহান বেগম (৬৭)। তারা পৈতৃক সম্পত্তির জন্য বৃদ্ধা নুর জাহান বেগমকে নির্যাতন করে গুরুতর আহত করে। পরে রাতেই আহত গৃহবধূ বাদী হয়ে ছেলে তাজুল ইসলাম টিটু (২৭), মেয়ে ডলি আক্তার (৩০) ও জামাতা শফিউল করিমকে আসামি করে পটিয়া থানায় মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, রাতেই অভিযান চালিয়ে ছেলে তাজুল ইসলাম টিটু ও মেয়ে ডলি আক্তারকে গ্রেপ্তার করা হয়। আজ তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
