ঢাকা শুক্রবার , ২২ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপু‌রে নিখোঁজের ৭০ দিনেও সন্ধান মেলেনি মাদরাসা শিক্ষার্থীর

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ২২, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের ৭০ দিনেও সন্ধান মেলেনি আট বছরের মাদরাসা শিক্ষার্থী নাছিমা আক্তারের। তার সন্ধানের দাবিতে পরিবার এক সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা নিখোঁজ নাছিমাকে ফিরে পেতে সরকার ও প্রশাসনের কাছে আবেদন জানান।

শুক্রবার (২২ আগস্ট) সকালে কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নিখোঁজ শিক্ষার্থীর পরিবার। পরিবার সূত্রে জানা যায়, কালকিনি পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাশিমপুর গ্রামের নাশির মৃধার মাদরাসা পড়ুয়া মেয়ে নাছিমা আক্তার গত ১৪ জুন রাতে বাড়ির পাশের একটি বিয়ের অনুষ্ঠানে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় সে।

এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে সন্ধান না পেয়ে নাছিমার নানী আইমুন নেছা কালকিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে নিখোঁজের ৭০ দিন পার হলেও নাছিমার কোনো খোঁজ পায়নি পুলিশ।

নিখোঁজ নাছিমার নানা হারুন বেপারী সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, আমার নাতি ৭০ দিন ধরে নিখোঁজ রয়েছে। কোনো প্রশাসন আমার নাতির সন্ধান দিতে পারল না। আমরা সরকার ও প্রশাসনের কাছে আমার নাতির সন্ধান চাই।

নিখোঁজ নাছিমার নানী আইমুন নেছা আহাজারী করে বলেন, মাদারীপুর ও কালকিনি থানার সব প্রশাসনের কাছে আমাগো জোর দাবি, নাছিমাকে খুঁজে বের করে দেন। আমাদের পরিবারে ঘুম ও খাওয়া-দাওয়া সব কিছু বন্ধ হয়ে গেছে নাছিমাকে না পেয়ে। জীবিত হোক বা মৃত হোক, আমরা নাছিমার সন্ধান চাই।

এ ব্যাপারে কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম সোহেল রানা জানান, নিখোঁজ নাছিমাকে উদ্ধারে জোর প্রচেষ্টা চলছে। পুলিশের পাশাপাশি র‌্যাবের সদস্যরাও নিখোঁজের সন্ধানে কাজ করছেন।

সংবাদটি শেয়ার করুন....