ঢাকা বুধবার , ২৭ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

প্রকল্প ব্যয় ২৬ কোটি টাকা বাড়লেও বন্ধ চাঁদপুর নৌ বন্দরের নির্মাণ কাজ

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ২৭, ২০২৫ ৭:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ নৌ বন্দরের আধুনিকীকরণের কাজ দীর্ঘ সময় বন্ধ রয়েছে। দু’বছর মেয়াদি প্রকল্পের মেয়াদ শেষ হলেও নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে মাত্র ২৫ ভাগ।

২০১৬ সালের ১০ নভেম্বর একনেকে অনুমোদিত ‘চাঁদপুর আধুনিক নৌ-টার্মিনাল নির্মাণ প্রকল্প’টি বিশ্ব ব্যাংকের অর্থায়নে শুরু হয়। প্রথমে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৬৭ কোটি টাকা, যা পরে বৃদ্ধি করে ৯৩ কোটি ৪৩ লাখ ৫৪ হাজার টাকায় উন্নীত করা হয়।

২০২৪ সালের অক্টোবর মাসে পাইলিংয়ের কাজ শুরু হলেও বরাদ্দের সমস্যা ও অর্থাভাবে নির্মাণ কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হচ্ছে না। ঠিকাদার প্রতিষ্ঠান গত জুন মাস থেকে কাজ বন্ধ রেখেছে।

বর্তমানে ঢাকা-চাঁদপুরসহ বিভিন্ন রুটে প্রতিদিন অর্ধশতাধিক লঞ্চ চলাচল করলেও যাত্রীদের জন্য ছাউনি, বসার ব্যবস্থা ও টয়লেট নেই। চলমান বর্ষায় যাত্রীদের ভিজতে হচ্ছে, যা বড় ধরনের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে।

লঞ্চযাত্রী আবু রায়হান ও রিয়াদ হোসেন বলেন, নতুন বন্দরের জন্য এখানে কোনো কার্যকর ব্যবস্থা নেই। বর্ষায় যাত্রীরা ভিজে যাচ্ছে, দ্রুত নির্মাণ কাজ শেষ হওয়া প্রয়োজন।

লঞ্চ মালিক প্রতিনিধি আজগর সরকার জানিয়েছেন, দেশের দ্বিতীয় নদী বন্দর চাঁদপুরে যথাযথ অবকাঠামো নেই। ঠিকাদার প্রতিষ্ঠান বরাদ্দ না পাওয়ায় কাজ করতে পারছে না। সরকার দ্রুত কাজ শুরু করার ব্যবস্থা করবে বলে আশা করছি।

তমা কনস্ট্রাকশন কর্মী মোশারফ হোসেনও জানিয়েছেন, এক মাস ধরে কাজ বন্ধ রয়েছে। কাজ পুনরায় কবে শুরু হবে, তা জানি না।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চাঁদপুর কার্যালয়ের উপ-পরিচালক বসির আলী খান বলেন, আগের ঠিকাদারী প্রতিষ্ঠান বাদ দেয়া হয়েছে। নতুন ঠিকাদার নিয়োগ করা হলে হয়তো দ্রুত কাজ শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন....