কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে টেকনাফ শাহ পরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম জানান, শুক্রবার সকালে নৌ-ঘাট এলাকায় নাফ নদীতে ভাসমান একজনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির পরনে একটি গেঞ্জি ও হাফপ্যান্ট পরা ছিল।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নাফ নদীর শাহপরীর দ্বীপ এলাকা থেকে একটি ভাসমান মরদেহ উদ্ধারের পরে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো প্রক্রিয়াধীন।
