মাগুরা সদর উপজেলার ভাবনাহাটি ঢাল এলাকায় মাগুরা-যশোর মহাসড়কে একটি তেলবাহী ট্রাক ও এসপি গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছে। রোববার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে দুর্ঘটনা ঘটে।
মাগুরা হাইওয়ে থানার এসআই মাহবুবুর রহমান জানান, সাতক্ষীরা থেকে ঢাকাগামী এসপি গোল্ডেন লাইন পরিবহনের বাসটি ভাবনাহাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাকের সামনের চাকা ফেটে যায়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে উভয় গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে বাসে থাকা একই পরিবারের পাঁচজনসহ দীনবন্ধু (৩৩), সোহেল (৩৬), মিন্টু (৩৪), আক্কাস (৫০) ও সিয়াম (২১) গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. ইমরান আহমেদ জানান, সকাল দশটার দিকে আহতদের হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দীনবন্ধুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার কারণে কিছুক্ষণ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
