বরিশালে একটি পোশাক তৈরির কারখানা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুর ১২ টার দিকে নগরীর ফজলুল হক এভিনিউ এলাকার সিটি মার্কেটের তৃতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে কোতয়ালী মডেল থানা পুলিশ।
নিহত ওই যুবকের নাম রমজান। তিনি পিরোজপুরের স্বরূপকাঠি এলাকার বাসিন্দা ও ফজলুল হক এভিনিউ এলাকার সার্ক টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স -এর দোকানের সেলাই কারিগর ছিলেন।
সার্ক টেইলার্সের মালিক ও কর্মচারীরা জানান, রমজান কারখানায় কাজ করত এবং সেখানেই থাকতো। আজ সকালে কারখানায় এসে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, আজ সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রমজান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
