ঢাকা সোমবার , ৫ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রলীগের ওপর হামলা, ৫২ জনের বিরুদ্ধে মামলা

আইএম নিউজ
ডিসেম্বর ৫, ২০২২ ৬:০২ পূর্বাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি :: বগুড়ায় ছাত্রলীগের নতুন কমিটির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় ৫২ জনের নামে মামলা হয়েছে। রোববার (০৪ ডিসেম্বর) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ১৭ জনের নাম উল্লেখসহ ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম।

জানা গেছে, বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা এবং সাধারণ সম্পাদক আল-মাহিদুল ইসলাম জয় কর্মী-সমর্থকদের নিয়ে মোটরসাইকেলে করে শনিবার রাতে সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করতে তার বাসভবনে যান। রাত ৯টার দিকে ক্যাম্পাসে পৌঁছার পর তারা কর্মীদের বাইরে রেখে অধ্যক্ষের বাসভবনের ভেতরে যান।

মামলায় অভিযোগ করা হয়েছে, ক্যাম্পাসে পৌঁছার আগেই অভিযুক্তরা ওৎ পেতেছিল। তাদের দেখার পর গালিগালাজ শুরু করে। নিষেধ করায় লাঠি-সোটা এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এতে নবগঠিত জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুর রহমান এবং বগুড়া পৌর কমিটির সাধারণ সম্পাদক মো. সাব্বিরসহ কয়েকজন আহত হয়।

মামলার বাদী বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। হামলায় আহতদের মধ্যে আতিকুর রহমান আতিক ও মো. সাব্বিরের অবস্থা গুরুতর।

বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, মামলাটি রেকর্ড করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....