ঠাকুরগাঁও প্রতিনিধি :: ঠাকুরগাঁও শহরের বাস টার্মিনাল এলাকায় ট্রাকের ধাক্কায় পণ্যবাহী কার্গোর হেলপার নিহত হয়েছেন। সোমবার রাত ১ টার দিকে শহরের চৌধুরী পাম্পের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকের সহকারী হলেন রবিউল ইসলাম (২০)। তার বাড়ি গোপালগঞ্জে।
স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিস জানায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক ঠাকুরগাঁও শহরের চৌধুরী পাম্পের সামনের সড়ক অতিক্রমের সময় সেখানে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী কার্গোকে ধাক্কা দেয়।
এ সময় দাঁড়িয়ে থাকা কার্গোর হেলপার রবিউল ইসলাম গুরুতর আহত হয়ে আটকা পড়ে গাড়ির বডিতে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা কার্গোর বডি কেটে রবিউলকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
ঠাকুরগাঁও থানার এসআই হারুন অর রশীদ বলেন, লাশ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাক দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
