রাবি প্রতিনিধি :: সমাজে ইতিবাচক ভূমিকা রাখায় ‘এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশ কমিউনিটি চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২২’ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
শুক্রবার রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বেচ্ছাসেবী সংগঠন এসওএস শিশুপল্লীর ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে রাবি উপাচার্যসহ ৯ জন সমাজসেবী এবং শিশুপল্লীর ৮ জন কেয়ারলিভারের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এইচএসবিসির সিইও মাহবুব উর রহমান, প্রধানমন্ত্রী কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কেএম তারিকুল ইসলামসহ এসওএসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিশিষ্টজনরা।
রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, আমি এসওএসের অনুষ্ঠানে গিয়ে খুব আপ্লুত হয়েছি। মূলত এসওএস যে মানবিক কাজগুলো করছে, সেখানে গিয়ে আমার নিজেকে খুব ক্ষুদ্র মনে হয়েছে। আমি যাই করি না কেন, কিছু করার চেষ্টা করি, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমি মনে করি- বাংলাদেশের সব সচেতন এবং সামর্থ্যবান নাগরিককে এসওএসের মতো মানবিক সংগঠনগুলোর পাশে দাঁড়ানো উচিত। তাহলে আমরা যে আগামী সমাজের কথা বলছি, সেটি বিনির্মাণ করা সম্ভব হবে।
উল্লেখ্য, আন্তর্জাতিক শিশুপল্লী সংস্থা এসওএস গড়ে উঠে মূলত বিশ্বব্যাপী অসহায় পরিবারবিহীন শিশুদের সহায়তা করার জন্য। পরবর্তীতে এটি ১৯৭২ সালে বঙ্গবন্ধুর হাত ধরে বাংলাদেশেও প্রতিষ্ঠা লাভ করে।
