গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাবু মণ্ডল (৫০) নামের এক ‘জিনের বাদশা’ প্রতারক চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত ছয় মাসে অনেক মানুষকে বোকা বানিয়ে দুটি বিকাশ নম্বরে আট লাখ টাকা হাতিয়ে নেন তিনি।বুধবার (২০ ডিসেম্বর) সকালে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম শাহ্ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, মঙ্গলবার উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের শাকপালা থেকে তাকে গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। বাবু মণ্ডল (৫০) ওই গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, জিনের বাদশা পরিচয় দিয়ে বাবু মণ্ডল দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলো। মানুষকে টার্গেট করে গভীর রাতে মোবাইল ফোনে কল দিয়ে বাবু মণ্ডল জিনের বাদশা পরিচয়ে কথা বলতেন। প্রথমে নামাজ, কালাম পড়া হয়েছে কিনা জানতে চাওয়া ছাড়াও বিভিন্ন কৌশলে কথা বলে সম্পর্ক গড়ে তুলতেন। পরবর্তীতে মসজিদে জায়নামাজ দেওয়া ও দান-খয়রাত করলে স্বর্ণালংকার এবং ধন-সম্পদ পাওয়ার প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল হাতিয়ে নেয়। সম্প্রতি এমন অভিযোগে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে বাবু মণ্ডলকে গ্রেফতার করা হয়।
বাবু মণ্ডল গত ছয় মাসে বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে প্রতারণা করে লাখ-লাখ টাকা হাতিয়ে নেয়। গ্রেফতারের পর তার কাছে থাকা মোবাইলের দুইটা সিমে বিকাশ একাউন্টে গত ছয় মাসে আট লক্ষ টাকা ক্যাশ ইনের তথ্য পেয়েছে পুলিশ। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বলেন, বাবু মণ্ডল জিনের বাদশা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিনের বাদশা পরিচয় দিয়ে বাবু মণ্ডল প্রতারণার কথা স্বীকার করেছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
