মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ী উপজেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতনকে গণসংবর্ধনা প্রদান উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার গংগারহাট এম.এস উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ ছাত্রলীগ ফুলবাড়ী উপজেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে কাশিপুর ইউনিয়ন শাখা ছাত্রলীগ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিপুর ইউনিয়ন শাখা ছাত্রলীগের আহ্বায়ক আরিফুর রহমান।
কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শংকর কুমার সেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আতাউর রহমান মিন্টু, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল।
বক্তব্য শেষে কাশিপুর ইউনিয়ন শাখা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠানের মধ্যমণি আহাম্মদ আলী পোদ্দার রতন কে গণসংবর্ধনা, অভিনন্দন স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
এরপর একই মঞ্চে স্থানীয় ও অতিথি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
